পুরনো প্রতিদ্বন্দ্বী বেনফিকার মাঠে বার্সেলোনা

বেনফিকার সঙ্গে বার্সেলোনার প্রথম ম্যাচই ছিল ফাইনাল। ৬০ বছর আগে ১৯৬১-এর ইউরোপিয়ান কাপের শিরোপা লড়াইয়ে ৩-২ গোলে বার্সাকে হারিয়েছিল বেনফিকা। পরের বছরও ইউরোপ সেরার মর্যাদায় জেতে পর্তুগিজ ক্লাব। তবে এরপর ৬ বার মুখোমুখি হয়েছিল দুদল। সববারই ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে। কোনোবারই জিততে পারেনি বেনফিকা। তিন বার জেতে বার্সেলোনা। বাকি তিন ম্যাচ হয় ড্র।

আজ নিজেদের মাঠে ৮ম বারের মতো বার্সেলোনার মুখোমুখি হচ্ছে বেনফিকা। বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলের হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে বার্সেলোনা। অন্যদিকে প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের সঙ্গে ড্র করেছে বেনফিকা। তবে ঘরোয়া লিগে দারুণ ছন্দে ঈগলসরা। লিগের ৭ ম্যাচের সবগুলো জিতেছে তারা। সব মিলিয়ে খেলা ১২ ম্যাচে এখনো হারেনি। অন্যদিকে বার্সেলোনা সবশেষ লিগ ম্যাচে ৩-০ গোলে লেভান্তেকে হারালেও তা ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর প্রথম জয়। আজকের ম্যাচটি বেনফিকার মাঠে বলেই হয়তো কিছুটা স্বস্তি পাবে বার্সা শিবির। গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রথম ম্যাচ জিততে পারেনি বেনফিকা। তবে এস্তাদিও দা লুজে সবশেষ চার চ্যাম্পিয়নস লিগ ম্যাচে আবার  জিতেছে তারা। অন্যদিকে বার্সেলোনা সবশেষ তিন অ্যাওয়ে ম্যাচে গোল হজম করেনি। ড্র করেছে দুটি, জিতেছে একটি। আজ কী হয় সেটা দেখার। বার্সেলোনার জন্য বড় স্বস্তি ইনজুরি কাটিয়ে লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরে আনসু ফাতির ৩২২ দিন পর মাঠে ফেরা। খেলতে নেমেই গোল করেছেন এই তরুণ।