ডিমেনশিয়ায় যে ৫ লক্ষণে সতর্ক হবেন

মাঝেমধ্যে ছোটখাটো বিষয় ভুলে যাওয়া সব বয়সের মানুষের জন্যই স্বাভাবিক বিষয়। তবে ভুলে যাওয়ার সমস্যা বাড়তে থাকলে তা আমাদের দৈনন্দিন জীবনযাপনে প্রভাব ফেলতে শুরু করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকা এ সমস্যা ডিমেনশিয়া নামে পরিচিত। জেনে নিন ডিমেনশিয়ার ৫টি প্রাথমিক লক্ষণ

কথা বুঝতে না পারা : চারপাশের কোলাহলে নির্দিষ্ট কারও বক্তব্য বুঝতে না পারাও ডিমেনশিয়ার ঝুঁকি বোঝাতে পারে। এ ধরনের অক্ষমতা সাধারণত শ্রবণশক্তির সমস্যা হিসেবে মনে হলেও গবেষকরা এটিকে ডিমেনশিয়ার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।

স্মৃতিশক্তি হ্রাস : স্মৃতিশক্তি হ্রাস ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি। এ সমস্যার শুরুর দিকে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন জরুরি কথা বা স্মৃতি মনে করতে পারেন না। তারা এই ধরনের বিশদ বিবরণ মনে রাখার জন্য পরিবার এবং বন্ধুদের ওপর নির্ভর করেন।

প্রতিদিনের পরিচিত কাজ কঠিন মনে হওয়া : ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিলে এক কাপ চা তৈরি করা কিংবা কম্পিউটার চালানো এমন পরিচিত কাজগুলোও করা কঠিন হয়ে পড়ে। এগুলো এমন কাজ যা আপনি বেশ কয়েক বছর ধরে করেছেন কিন্তু এই পর্যায়ে এসে তা সম্পন্ন করা চ্যালেঞ্জিং বলে মনে হতে পারে।

কথা বলতে গিয়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়া : ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি কথোপকথনে বা তার চিন্তাভাবনাকে কথায় প্রকাশ করাও কঠিন মনে করতে পারেন। তারা ভুলে যেতে পারেন যে তারা কী কথা বলছিলেন বা অপরজন কী বলছিলেন। এ অবস্থায় কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন হতে পারে এবং শেষ করতে আরও বেশি সময় লাগতে পারে।

মেজাজ পরিবর্তন : ঘন ঘন মেজাজ পরিবর্তন হলে তা সহজেই ডিমেনশিয়ার লক্ষণ হিসেবে শনাক্ত করা যেতে পারে। ব্যক্তিত্বের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসবে, যা বেশ স্পষ্ট হবে। হতাশায় আক্রান্ত ব্যক্তিরাও এই ঝুঁকিতে থাকেন।