আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সম্পদ হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন শেখ হাসিনার পদ্মা সেতুর জন্য। সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান। আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জে পদ্মা নদীর পাড়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাবার বিচক্ষণতা দিয়ে আজকে বাংলার কোটি কোটি মানুষের মন জয় করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্ব, সততা ও বীরত্বের গুণে বাংলার ১৭ কোটি মানুষের নির্ভরযোগ্য আস্থা অর্জন করেছেন। পদ্মার পাড়ের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মও সেখানে। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। বাংলার মানুষ শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসে। বঙ্গবন্ধুর কন্যার ৭৫তম জন্মদিন আজ।’
এ সময় সভাপতির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সমৃদ্ধশালী হয়। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত। জাতিসংঘে রাষ্ট্রপ্রধান হয়ে ১৮ বার বক্তব্য দিয়ে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার নেতৃত্ব দেখে বিশ্ব নেতারা মনে করেন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, চিশতিনগর খানকায়ে চিশতিয়ার তত্ত্বাবধায়ক ও পরিচালক প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন, বাহাদুরপুর পীর সাহেব ফকির আবদুল্লাহ মোহাম্মদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খান, ইসলামী ফাউন্ডেশন শরীয়তপুর জেলার উপপরিচালক আবদুর রাজ্জাক রনি প্রমুখ।
পরে মসজিদের ইমামদের মধ্যে এক হাজার কোরআন শরিফ বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।