শেখ হাসিনার কোনো বিকল্প নেই : তথ্যমন্ত্রী

দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আজকে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যে স্বপ্নে আমাদের পূর্বসূরিরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ রচনা করে গেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার।’

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আজকে ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রী নিজে জন্মদিন পালন করেন না। আমরাই তার জন্মদিন পালন করি। আজকের এই দিনে মহান স্রষ্টার কাছে আমার প্রার্থনা, তার শততম জন্মদিনেও যেন তিনি এই পৃথিবীতে থাকেন এবং দেশের মানুষ তাকে নিয়ে যেন তার শততম জন্মদিন পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বদলে গেছে, স্বল্পন্নোত থেকে মধ্যম আয়ের, খাদ্যঘাটতি থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। দেশে গত সাড়ে ১২ বছরে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে কমে অর্ধেকে অর্থাৎ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। আজকে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনাকালে অনেকে অনেক শঙ্কা-আশঙ্কার কথা বলেছিল যে দেশে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে, অনাহারে হাজার হাজার মানুষের জীবনহানি হবে। যেসব বুদ্ধিজীবী এসব কথা বলেছেন, তারা ভুলেও ফকিরকে দুটি টাকা দেন না অনেকেই। তাছাড়া অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা বড় বড় পুরস্কার পেয়েছেন, তাদেরও এই করোনাকালে দেখা যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। অনেকে অনেক এনজিও করেন তাদেরও এই করোনাকালে খুঁজে পাওয়া যায় নাই, দেখা যায় নাই। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার জনগণের পাশে থেকেছে বিধায় এই করোনাকালে বাংলাদেশে একজনও না খেয়ে মৃত্যুবরণ করেনি।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, দি ডেইলি সান সম্পাদক ও পিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রমুখ।