এক মাসের চিকিৎসা শেষে ‘হাসপাতাল ছাড়ছেন’ পেলে

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে প্রায় এক মাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ার অপেক্ষায় রয়েছেন। পেলের মেয়ে কেলি নাসিমেন্টো বুধবার এমনটাই জানিয়েছেন।

৮০ বছর বয়সী পেলের গত ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কোলনের টিউমার অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি।

ইনস্টাগ্রাম বার্তায় পেলের মেয়ে নাসিমেন্টো লিখেছেন, ‘এখন সে শক্তিশালী এবং সুস্থ হয়ে উঠে নিজের বাড়িতে চিকিৎসা চালিয়ে নিতে হাসপাতাল ছাড়তে যাচ্ছেন।’

তবে সাও পাওলোর যে হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করেনি।

হাসপাতালে ভর্তি থাকার মাঝেও নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট দিয়েছেন পেলে। ছবি ও ভিডিও পোস্ট শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

আগস্টের শেষে রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে গেলে টিউমার ধরা পড়েছিল তার।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপে শিরোপা জয় করেন পেলে। দেশের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল তার, যা ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ।