মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন প্রদান বেড়েছে ৫২ শতাংশ

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মীদের বেতনভাতা প্রদান বেড়েছে। গত জুলাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের মোবাইল ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪০৩ কোটি টাকা বেতন প্রদান করে। গত জুনে মোবাইল ব্যাংকিংয়ে বেতন প্রদানের পরিমাণ ছিল ২ হাজার ২৪৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে কর্মীদের মোবাইল ব্যাংকিংয়ে বেতন প্রদান ১ হাজার ১৬০ কোটি টাকা বা ৫১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, গত জুলাইয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) মোট ৬৬ হাজার ৩৮৭ কোটি টাকা লেনদেন হয়। যা এর আগের মাস জুনের লেনেদেন চেয়ে ৫ দশমিক ৪ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে লেনদেন ছিল ২ হাজার ১৪১ কোটি টাকা। এছাড়া গত জুলাই মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক প্রায় ৩ শতাংশ বেড়ে ১০ কোটি ২৭ লাখে উন্নীত হয়েছে। এর মধ্যে সক্রিয় হিসাব ছিল ৪ কোটি ১১ লাখ।

শিওরক্যাশ ও ইউক্যাশ বন্ধ হয়ে যাওয়ায় গত এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ১০ কোটি ২৭ লাখ থেকে কমে ৯ কোটি ৬৫ লাখে নামে। তবে শিওরক্যাশের গ্রাহকরা ‘নগদ’-এ এবং ইউক্যাশের গ্রাহকরা পর্যায়ক্রমে ‘উপায়’-এ নতুন হিসাব খোলায় নিবন্ধিত হিসাব আবারও ১০ কোটি ছাড়ায়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচিত মাসে মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে রেমিট্যান্সের টাকা বিতরণ বেড়েছে প্রায় ৬০ শতাংশ। তবে করোনার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সেবার বিল পরিশোধ বাড়লেও জুলাইয়ে এ খাতের লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ। তাছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধ কমেছে ৬ শতাংশ।