ছয় কোম্পানি নিয়ে চালু হচ্ছে এসএমই প্ল্যাটফর্ম

ছয় কোম্পানির লেনদেন শুরুর মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্ম। এরমধ্যে সম্প্রতি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড ও অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে এসএমই প্লাটফর্মে শুরু হবে। একই দিনে ডিএসইর ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে আসা চার কোম্পানি হিমাদ্রি, ওয়ান্ডারল্যান্ড টয়স, বেঙ্গল বিস্কুটস ও অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের লেনদেনও একই প্ল্যাটফর্মে শুরু হবে। ডিএসই এ তথ্য জানিয়েছে।

 গত ১৪ জুলাই এসইসির নিয়মিত সভায় মাস্টার ফিড এগ্রোটেক ও অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজকে কিউআইওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

মাস্টার ফিড এগ্রোটেক কিউআইওর মাধ্যমে অভিহিত মূল্যে এক কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা।

অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি শেয়ার ছেড়ে ১০ কোটি টাকা সংগ্রহ করে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর এই দুই ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।