উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরি ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার রত্নপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী দাবি করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহাম্মদ দুপুরে জানান, মিয়ানমার থেকে একদল ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রত্নপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় বিজিবির সদস্য অবস্থান নেয়।

এ সময় ৪/৫জনের একটি দল আসতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা বিজিবি’কে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবি পাল্টা গুলি চালায়।

পরবর্তীতে ইয়াবা কারবারিরা পেছনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুক যুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাগুলির ঘটনায় একজন বিজিবি’র সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন।