সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে সোহেল-রেজাউলকে পাচ্ছে না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে মিডফিল্ডার সোহেল রানা ও রেজাউল করিমকে ছাড়াই খেলতে হবে অস্কার ব্রুজোনের দলকে। জ্বরের কারণে ছিটকে গেছেন এই দুজন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সোহেল ও রেজাউলের শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফে অংশ নিতে গত মঙ্গলবার মালদ্বীপ পৌঁছে বুধবার প্রথম দিনের অনুশীলন সাড়ে বাংলাদেশ। আর এদিন ম্যাচের আগে শেষ দিনের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল ভূঁইয়ারা।

মালের হেনভেইরু ট্রেনিং মাঠে স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের পর ম্যাচ ভেন্যু মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ দল।

সাফের খেলাগুলোতে মাঠে সীমিত পরিসরে দর্শক উপস্থিতি থাকছে। সর্বমোট ৫ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে। তবে এ জন্য দর্শকদের ভ্যাক্সিন সার্টিফিকেট থাকতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।