আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে গেছেন পাঞ্জাব কিংসের অন্যতম বড় তারকা ক্রিস গেইল।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ‘সতেজ এবং চাঙা করতে’ এই সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার।
আইপিএল শেষ হতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ যেখানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
গেইল আইপিএলের আগে সিপিএলে খেলেছেন। তাই টানা বায়ো বাবলের মধ্যে থেকে ‘অবসাদ’ চলে এসেছে তার। এ কারণেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত তার।
আইপিএলের এবারের আসরে ৪২ বছর বয়সী গেইল ২১.৪৪ গড়ে ১৯৩ রান করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।
পাঞ্জাব কিংসের টুইটারে দেওয়া বিবৃতিতে গেইল বলেন, ‘আমি টি -টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার বিষয়ে নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইতে একটু বিশ্রাম নিতে চাই।’
‘আমাকে সময় দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। স্কোয়াডের জন্য আমার শুভকামনা এবং আশা সব সময়ই থাকবে। আসছে ম্যাচগুলোর জন্য অনেক অনেক শুভ কামনা।’
আট দলের মধ্যে টেবিলে পাঞ্জাবের অবস্থান এখন ষষ্ঠ। প্লে-অফ খেলতে হলে নিজেদের বাকি তিন ম্যাচের সব কটিতে জিততে হবে তাদের।
টি-টোয়েন্টি ইতিহাসে গেইল সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৪০ ইনিংসে ১৪২৭৬ রান তার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ফরম্যাটে ৭০ ইনিংসে ১৮৫৪ রান করেছেন তিনি। জিতেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।