বিশ্বকাপে কোহলির উইকেট নিতে চান শরিফুল

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সারথি শরিফুল ইসলাম এবার যাচ্ছেন বড়দের বিশ্বমঞ্চে। যুব বিশ্বকাপের মতো আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলো ছড়ানোর লক্ষ্য তার।

বিশ্বকাপ খেলতে রবিবার ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে সংবাদমাধ্যমকে শরিফুল নিজের ইচ্ছের কথা বলেছেন। ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ইচ্ছে, কোহলির উইকেট নেওয়ার।

‘ভারতের বিপক্ষে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে।’- বলেন শরিফুল।

অবশ্য ভারতের বিপক্ষে খেলতে হলে বাংলাদেশকে আগে বাছাই পর্ব পার হতে হবে। সেই পথটা অবশ্য বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু নয়। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।

বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভ পর্বে ভারত, পাকিস্তানের গ্রুপে পড়বে বাংলাদেশ। আর বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে সেটা বড় অঘটনই হবে।

২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন বলে ভালোলাগা কাজ করছে শরিফুলের, ‘গত বছর যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালোলাগা কাজ করছে।’

শরিফুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এ বছর মার্চে নিউজিল্যান্ড সফরে। এরপর এখন পর্যন্ত দেশের হয়ে একটি টেস্ট, ৪টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলে আর উইকেট ২৫টি।

আরো পড়ুন

বিশ্বকাপ খেলতে রবিবার দেশ ছাড়ছে বাংলাদেশ