আইটেম সং দিয়ে সাড়া জাগানোর পর চিত্রনায়িকা হিসেবে কঠিন পথ পাড়ি দিচ্ছেন বিপাশা কবির। অনেক অপেক্ষার পর এখন তার পথ খানিকটা মৃসণ। ভারতের ওয়াচোতে চলছে তার ওয়েব সিরিজ। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
অন্য স্ট্রাগল...
লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে বেরোনোর পর সিনেমাই করতে চেয়েছি। কাজের সুযোগ মেলে আইটেম গানের পারফরমার হিসেবে। সেই সুযোগকে কাজে লাগাই। দর্শকের কাছে পরিচিতি মেলে। কিন্তু আইটেম গার্লের ট্যাগ থেকে বেরোনোটা ছিল ভীষণ কঠিন। চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়টি কেউ স্বাভাবিকভাবে নিতে পারছিল না। অনেক কাঠখড় পুড়িয়েছি। অনেক সিনেমার নাম বলতে পারি, যেগুলোতে আমার নায়িকা হওয়ার কথা থাকলেও পরে অন্য কাউকে নিয়ে ছবিটি হয়েছে। হতাশ হয়েছি, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হইনি। এখন অভিনেত্রী হওয়ার যাত্রা অনেকটাই মসৃণ হয়েছে।
সাম্প্রতিক...
দুদিন আগেই ঢাকার দিয়াবাড়িতে শ্যুটিং করেছি শাপলা মিডিয়া প্রযোজিত কামাল কায়সার পরিচালিত ‘যার নয়নে লাগে ভালো’ সিনেমার। অভিনয়ের অংশ শেষ। এখন শুধু গানগুলো বাকি। এ ছবিতে আমার নায়ক সাঞ্জু জন।
আঘাত...
সিনেমার মানুষ হয়ে ওয়েবের জন্য কাজের সিদ্ধান্ত এখন বেশ সহজ। কারণ এরই মধ্যে আমাদের দেশে ওয়েব প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু আমি ‘আঘাত’-এর কাজ করেছিলাম ২০১৮ সালে। তখন এই সিদ্ধান্ত অনেক জটিল ছিল। কিন্তু এর পরিচালক জায়েদ রেজওয়ান আমার বন্ধু চিত্রনায়িকা দিপালীর স্বামী বলে কাজটি করি। একেবারে মজা করতে করতেই আমরা কাজটি করব বলেই ঠিক করি। করার সময় দেখি অনেক বাজেট বাড়ছে, কাজটাও খুব সুন্দর হচ্ছে। তাই দুটি সিজনের কাজ করে ফেলি একসঙ্গে। এরপর তো করোনার হানা! নয়তো এটি অনেক আগে মুক্তি পেত। এর মধ্যে অবশ্য দেশীয় প্ল্যাটফর্মের জন্য অনন্য মামুনের ‘জার্নি’ ওয়েব সিরিজে কাজ করেছি। অবশেষে ‘আঘাত’ ইন্টারন্যাশনাল ওয়েব প্ল্যাটফর্ম ‘ওয়াচো’তে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। বিষয়টি খুবই আনন্দের। একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করেছি। আবেদনময়ী ইমেজের বাইরে গিয়ে ইনোসেন্ট একটা মেয়ের চরিত্রেও আমার কাজ দর্শক পছন্দ করেছেন। সামনে আরও ভালো কাজে দর্শক আমাকে দেখবেন।
অন্য সিনেমা...
শাপলা মিডিয়া প্রযোজিত ‘পরানে পরান বান্ধিয়া (সহশিল্পী রাজন)’ ও ‘যে দিনে (সাইফ খান)’ সিনেমা দুটির সব কাজ শেষ। এখন শুধু মুক্তির অপেক্ষা। আমি চাই দীর্ঘদিন পর বড় পর্দার ফেরার ছবি হিসেবে ‘পরানে পরান বান্ধিয়া’ আগে মুক্তি পাক। এ ছবিতেও নতুন ধরনের চরিত্রে কাজ করেছি। হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি। প্রেম হয় হিন্দু সমাজের নীচু জাতের ছেলে রাজনের সঙ্গে। সিনেমার পরিণতি দর্শককে ধাক্কা দেবে। এ ছাড়া বাপ্পী খানের ‘সোলমেট (সাঞ্জু জন ও তাসকিন রহমান)’ ও অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক (বাপ্পী চৌধুরী ও অধরা খান)’ ছবি দুটি হাতে রয়েছে।