মহেন্দ্র সিং ধোনিকে সাদা বলে সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন রবি শাস্ত্রী।
ফ্যান কোড ডটকমে আলাপচারিতায় ভারতের কোচ শাস্ত্রী এ কথা বলেছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনির কাছাকাছি এ ক্ষেত্রে কেউ নেই বলে মন্তব্য শাস্ত্রীর।
ধোনিকে ‘দ্য কিং কং’ আখ্যা দিয়ে শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। আইসিসি টুর্নামেন্টগুলোয় তার রেকর্ড দেখুন। সে কোনটি জেতেনি? আইপিএল, চ্যাম্পিয়নস লিগ, আইসিসির সব টুর্নামেন্ট, দুটি বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে তার কাছাকাছিও কেউ নেই। অবশ্যই সে সর্বকালের সেরা। ‘‘দ্য কিং কং’’ এভাবেও তাকে বলতে পারেন।’
অধিনায়ক হিসেবে ভারতকে দু-দুটি বিশ্বকাপ উপহার দিয়েছেন ধোনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা এনে দেন দেশকে। এ ছাড়া ২০১৩ সালে ভারতকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতান ধোনি।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে।