জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ফুমিও কিশিদা। গতকাল সোমবারই জাপানের পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। গতকাল দায়িত্ব নেওয়ার পর ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিসি জানায়, পূর্বসূরি ইয়োশিহিদি সুগা এক বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করায় দেশটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬৪ বছর বয়সী ফুমিও দায়িত্ব গ্রহণ করেছেন। গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থন লাভ করেন জাপানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের আজকের ভোটাভুটিতে ফুমিও কিশিদার পক্ষে ৩১১ ভোট পড়ে। তার প্রতিপক্ষ বিরোধী নেতা ইয়োকিও এদানো পান ১২৪ ভোট।

প্রধানমন্ত্রীর অভিনন্দন : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এতে শেখ হাসিনা বলেন, জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে নির্বাচিত করা হচ্ছে আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের প্রতি এবং আপনার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ডেয়েটের ওপর জাপানের জনগণের বিশ্বাস ও আস্থার বহিঃপ্রকাশ।

শেখ হাসিনা কভিড-১৯ মহামারী চলাকালে জাপান সরকার ও জনগণের সাহায্য-সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। এ মহামারী কাটিয়ে ওঠার পর তিনি উভয় দেশের ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ফুমিও কিশিদার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল এবং জাপানের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।