কুলাউড়ায় ২৫ ডোজ করোনার টিকা নষ্ট, তদন্তে কমিটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নষ্ট হয়ে যাওয়া ২৫ ডোজ করোনার টিকা উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে কুলাউড়া পৌরসভার একটি অস্থায়ী কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগের লোকজন এসব টিকা উদ্ধার করে আনেন। এ ব্যাপারে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকার জন্য কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরীর কার্যালয়ে অস্থায়ীভাবে কেন্দ্র স্থাপন করা হয়।

পৌরসভার অন্যান্য ওয়ার্ডের মতো সেখানেও ২০০ ডোজ টিকা বরাদ্দ হয়।

গত ২৮ সেপ্টেম্বর ওই কেন্দ্রে ১৭৫ জনকে টিকা দেওয়া হয়। বাকি ২৫ ডোজ টিকা সেখানে পড়ে থাকে।

গত রবিবার রাতে কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী তার কার্যালয়ে একটি টিকার বাক্স (ভ্যাকসিন ক্যারিয়ার) পড়ে থাকতে দেখে বিষয়টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জানালে রাতেই স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে বাক্সে ২৫ ডোজ টিকা পান।

এসব টিকার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।

ওই কেন্দ্রে সুপারভাইজারের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আউয়াল বলেন, ‘টিকা কার্যক্রম সুষ্ঠু হচ্ছে কিনা সেটা তার দেখার দায়িত্ব ছিল। ওই কেন্দ্রে ১৭৫ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। টিকা বাকি রয়েছে কিনা সেটা জানা ছিল না।’

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ‘টিকাগুলো নষ্ট হয়ে গেছে। অব্যবহৃত টিকা যথাসময়ে ফেরত না আনার বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’