কুলাউড়ায় অসময়ের বৃষ্টিতে আমন ও রবিশস্যের ক্ষতির শঙ্কা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

অগ্রহায়ণের শুরুতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাঠজুড়ে পাকা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। একই সঙ্গে শীতকালীন রবিশস্যের জমি তৈরি, সবজি রোপণ ও বোরো ধানের বীজতলা তৈরির কাজেও ব্যস্ত ছিলেন তারা। তবে মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময় টানা অসময়ের বৃষ্টিতে দেখা দিয়েছে বিপত্তি। আমন ধান, শীতকালীন সবজি ও বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি সদ্য রোপণ করা ও চারা অবস্থায় থাকা সবজিক্ষেতে পানি জমে শিকড় পচে যাওয়া এবং ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।

কৃষকরা জানান, বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং কৃষিশ্রমিকের সংকট তাদের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

পৃথিমপাশা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ফয়জুল হক, আছকর আলী ও আব্দুর রহমান জানান, মৌসুমের শুরুতে মনু নদীর চরে তাঁরা লাই, বেগুন, আলু, ফরাস ও করলার চারা রোপণ করেছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, প্রতিবছর সরকার থেকে রবিশস্যসহ বিভিন্ন ফসলের বীজ পেলেও চলতি বছর এখন পর্যন্ত কোনো বীজ পাননি। ফলে বাধ্য হয়ে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে আলুর বীজ কিনে জমিতে রোপণ করতে হয়েছে।

হাওর তীরবর্তী জয়চন্ডী ইউনিয়নের আবুতালিবপুর গ্রামের কৃষক মালিক মিয়া ও ময়না মিয়া বলেন, প্রতিবছর তাঁরা ১৫ থেকে ২০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন। এবার বোরোর বীজতলা তৈরি করে বীজ বপনের পরপরই বৃষ্টি শুরু হয়েছে। এতে বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

অন্যদিকে রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজি গ্রামের কৃষক আনোয়ার হোসেন, মাসুক আহমদ, আব্দুল মুতলিব, ছালেক মিয়া ও শফিক মিয়া জানান, সময়মতো মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারলে উৎপাদনের পরিমাণ ও গুণগত মান-দুটিই ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই ধানের দাম কম, তার ওপর শ্রমিক পাওয়া যাচ্ছে না। বৃষ্টিতে ধান নুয়ে পড়ায় হারভেস্টার মেশিন দিয়েও কাটতে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে ফসল ঘরে তোলা নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, চলতি বছর উপজেলায় ১৯ হাজার ৩৫৮ হেক্টর জমির আমন ধান কাটার কার্যক্রম চলমান রয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে ফিরে আসবে বলে আশা করছেন তাঁরা। জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮৯০ হেক্টর এবং রবিশস্যের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৯৬ হেক্টর নির্ধারণ করা হয়েছে। তবে রবিশস্যের বীজের বরাদ্দ না আসায় এ বছর কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা সম্ভব হয়নি। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত