মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এম এম শাহীনের করা এক ফেসবুক পোস্টের মাধ্যমে মামলার বিষয়ে জানাজানি হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিএনপি নেতা মইনুল হক বকুল বাদী হয়ে মামলটি দায়ের করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
২০১৮ সালের একটি ঘটনার প্রায় আট বছর পর মামলাটি দায়ের করা হয়েছে জানিয়ে এম এম শাহীন পোস্টে লিখেন, ‘তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের পাশাপাশি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭টায়। অথচ দীর্ঘ প্রায় আট বছর পর ১৫ নভেম্বর ২০২৬ তারিখে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।’
দীর্ঘদিন পর সম্প্রতি দেশে ফিরেছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। দেশে ফেরার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছিল।