চাঁদপুরের মেঘনা নদীতে অভিযানে ৩ লাখ মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে কোস্টগার্ডের একাধিক টিম কালীয়ারচর, লক্ষ্মীরচর, রাজরাজেশ্বর, পুরানবাজারসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায়।
চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর বলেন, অভিযানে লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় চাঁদপুর সদরের মনোহরখাদি গ্রামের মো. ইয়াছিন প্রধান (৫৫) নামের এক জেলেকে আটক করা হয়।
এ সময় ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে নদীতে পেতে রাখা ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় প্রায় ১ কোটি টাকা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় কোস্ট গার্ডের একাধিক টিম নদীতে অভিযান চালাচ্ছে। কোনো অবস্থাতেই যেন জেলেরা মা ইলিশ ধরতে না পারে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।