৬ ঘণ্টার বিভ্রাটে ফেইসবুকের ক্ষতি ৬০০ কোটি ডলার

ফেইসবুক বন্ধ ছিল ছয় ঘণ্টা। আর এই সময়ে পুঁজিবাজারে এ কোম্পানির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে ৬০০ কোটি ডলার। তবে ওই ছয় ঘণ্টায় ফেইসবুকের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানসহ বিশ্বের অন্যান্য অনেকের মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেইসবুক। কেবল ফেইসবুক নয়, এ কোম্পানির মালিকানাধীন ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়। জটিলতা কাটিয়ে ফেইসবুকের এসব সেবা চালু করতে লেগে যায় প্রায় ছয় ঘণ্টা। এই সময়ে পুঁজিবাজারে ফেইসবুক ইনকরপোরেশনের শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে যায়।

রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরের পর এক দিনে ফেইসবুকের শেয়ারের দরপতনের সবচেয়ে বড় ঘটনা এটি। এই দরপতনের কারণে জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬০ কোটি ডলারে। ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে এক ধাপ নিচে নেমে জাকারবার্গের অবস্থান এখন বিল গেটসের পর ৫ নম্বরে। কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৪ হাজার কোটি ডলার থেকে কমে জাকারবার্গের সম্পদের পরিমাণ বর্তমান অবস্থানে নেমে এসেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেনের বিস্ফোরক অভিযোগের পর ফেইসবুকের জন্য এই বিভ্রাট ছিল দ্বিতীয় ধাক্কা। হাউগেন রবিবার অভিযোগ করেন, বিদ্বেষ ছড়ানো আর ভুয়া তথ্য মোকাবিলার চেয়ে মুনাফার দিকটাই দেখেছে ফেইসবুক। হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া ফেইসবুকের অভ্যন্তরীণ নথির কারণে ব্যাপক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিনেটের তদন্তের মুখে পড়েছে ফেইসবুক কর্র্তৃপক্ষ।

গতকাল সিনেটে সাক্ষ্য দেওয়ার একদিন আগেই সিবিএসকে সাক্ষাৎকার দিয়েছেন ৩৭ বছর বয়সী সাবেক ফেইসবুক কর্মী ফ্রান্সেস হাউগেন। ফেইসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড আর মেনে নিতে না পেরে চলতি বছরেই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দিয়েছেন বলে সাক্ষাৎকারে জানান তিনি। তবে, চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেইসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্র।