ভারতে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারের সদস্যদের ৫৭ হাজার ৭১৪ টাকা (৬৭৪ ডলার) করে দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
গত সোমবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এ-বিষয়ক এক পিটিশনের রায়ে এই ঘোষণা দেন। রায়ে তিনি আরও বলেন, মৃতদের পরিবারের সদস্য ক্ষতিপূরণ চেয়ে আবেদনপত্র জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে দেশটির কেন্দ্রীয় সরকারকে।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন মোট ৪ লাখ ৪৯ হাজার ২১৪ জন। এটি অবশ্য সরকারি হিসাব। বেশিরভাগ ভারতীয় এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্বাস, ভারতে করোনায় প্রকৃত মৃতদের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় ১০ গুণ বেশি।
ভারতের ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০০৫’-এর আওতায় সুপ্রিম কোর্টে এই পিটিশনটি করেছিলেন কয়েকজন আইনজীবী ও অধিকারকর্মী। সেই আইন অনুযায়ী যেকোনো দুর্যোগ পরিস্থিতে নিহতদের সরাসরি রক্ত-সম্পর্কিত আত্মীয়স্বজনকে ৪ লাখ রুপি (৪ লাখ ৬০ হাজার টাকা) করে ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।
গৌরব কুমার বনশাল নামে এক পিটিশনকারী এ-প্রসঙ্গে বিবিসিকে বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে এটি সত্য; কিন্তু আমরা আশা করেছিলাম, আইন অনুযায়ী প্রত্যেক মৃত্যুর জন্য ৪ লাখ রুপি দেওয়া হবে।