নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়ে ৪ নভেন্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার ৯-এর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। এজন্য ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম অভিযোগ গঠন শুনানির জন্য ৪ নভেন্বর দিন ধার্য করেছেন। গত ২ মার্চ এ মামলায় খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিলের আবেদন করেন মাসুদ আহম্মেদ তালুকদার। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে।
২০১৯ সালের ৩ মার্চ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের চার্জ শুনানি শেষ হয়। এ মামলার অপর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন।
এ মামলায় পলাতক রয়েছেন আরও তিন আসামি। তারা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।