ভৈরবে গুলি-রিভলবারসহ নৌ-ডাকাত শাহিন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মঙ্গলবার রাতে ৪ রাউন্ড গুলি ও রিভলবারসহ নৌ-ডাকাত শাহিনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

তিনি পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়ার সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানায় দুটিসহ আশপাশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নৌ পুলিশের ভৈরব ইউনিট জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নৌ-পুলিশের ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে এসআই মো. রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহিনকে গ্রেপ্তার করেন।

পরে তার স্বীকারোক্তি মতে শাহিনের ঘর থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, কুখ্যাত নৌ-ডাকাত শাহিন একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশ বহুদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

অবশেষে আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর কোর্টে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।