রংপুরে ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জাবিদ হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে জানা গেছে, রংপুর নগরীর ধাপ শ্যামলী লেন এলাকায় পরিবারের সঙ্গে থাকত ভুক্তভোগী শিক্ষার্থী।

স্কুলে যাতায়াতের সময় মাঝে মাঝেই তাকে উত্ত্যক্ত করতেন একই এলাকার মেহেদী।

২০১৮ সালের ৭ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তিনি।

এ ঘটনায় তিন দিন পর ভুক্তভোগীর বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মেহেদী তাকে নয় দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। ১৭ জুলাই ঢাকার আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তদন্ত শেষে মেহেদীসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ধর্ষণের দায়ে মেহেদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সেই সঙ্গে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মেহেদী পলাতক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, 

আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।