সংবাদ সম্মেলনে কাদের

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করা প্রয়োজন।’

গতকাল বুধবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে। দেশের মানুষ এতটাই বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে। জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তার প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে গেছে।’

‘আওয়ামী লীগ থেকে বাঁচতেই জনগণ বিএনপিকে ভোট দেবে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।’