এক মাস পর কাবুলে বারাদার স্কুলে ফিরছে ছাত্রীরা

প্রায় এক মাস কান্দাহারে থাকার পর কাবুলে ফিরে এসেছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও দেশটিতে ক্ষমতাসীন তালেবানগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদার। গতকাল বুধবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে করা এক প্রতিবেদনে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার কাবুলে ফিরেছেন বারাদার এবং বর্তমানে তিনি কাবুলে প্রেসিডেন্টের আবাসিক ভবন ও কার্যালয় ‘প্রেসিডেন্ট প্যালেসে’ অবস্থান করছেন। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার অধিকারী মোল্লা বারাদার। মঙ্গলবার কাবুলে এসে পৌঁছানোর পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানি, বারাদারের নিরাপত্তার জন্য সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছিলেন। কিন্তু সেই সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আফগান উপপ্রধানমন্ত্রী। জানিয়েছেন, তার নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, সরকারি নিরাপত্তার কোনো প্রয়োজন তিনি বোধ করছেন না।

তালেবানগোষ্ঠীর একাংশের নেতাদের সঙ্গে বিরোধ চলছে মোল্লা বারাদারের। এই বিরোধের শুরু গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, যখন আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান বাহিনী।

গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। রাজধানী দখলের দু’সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু করে তালেবানগোষ্ঠী। গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে তালেবান শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হন কাবুলের প্রেসিডেন্টের প্রাসাদে। সেই বৈঠকেই সূত্রপাত হয় দ্বন্দ্বের। তালেবান নেতাদের একাংশ ওই বৈঠকে যে মন্ত্রিসভার প্রস্তাব করেন, তার বিরোধিতা করেছিলেন মোল্লা বারাদার ও তার অনুগত তালেবান নেতাকর্মীরা। বারাদার অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পক্ষে ছিলেন, যে সরকারে আফগানিস্তানের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতিনিধি ও তালেবান নন; এমন রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

বৈঠকে এই নিয়ে বাদানুবাদের একপর্যায়ে আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির আত্মীয় ও তালেবানগোষ্ঠীর সহযোগী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিলুর রহমান হাক্কানি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বারাদারের কাছে ছুটে গিয়ে তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এ দুই নেতার অনুসারী যোদ্ধারাও। কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে ওইদিন বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এ ঘটনার পরই কাবুল ত্যাগ করে তালেবানের মূল ঘাঁটি কান্দাহারে ফিরে যান মোল্লা বারাদার। তার সঙ্গে যোগ দেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব।

এদিকে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে স্কুলে ফিরতে শুরু করেছে ছাত্রীরা। টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়া সুহাইল শাহিন বলেন, কুন্দুজ প্রদেশের মাধ্যমিক স্কুলগুলো ছাত্রীদের জন্য উন্মুক্ত। টুইটারে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় হাই স্কুলে যাচ্ছে মেয়েরা। ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও সাদা স্কার্ফ পরে স্কুলে হাজির হয়েছে ছাত্রীরা। কাউকে কাউকে নেকাব পরতেও দেখা যায়। আবার কারও হাতে ছিল তালেবানের পতাকা।