বিসিবি নির্বাচনে বেশিরভাগ পরিচালক পদে পুরনোরাই নির্বাচিত হয়েছেন। ২৫ পরিচালকের মধ্যে ছয় নতুন মুখ। সর্বাধিক ৫৩ ভোট পেয়েছে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তার সাবেক কোচের বিরুদ্ধে জিতেছেন ৩৭-৩ ভোটে। দুই প্রার্থী সরে দাঁড়ানোয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটুকে নিয়ে আবার পরিচালক হয়েছেন। জিততে পারেননি শুধু খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি ১ এ রাজশাহী বিভাগের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী পাবনা জেলার সাইফুল আলম স্বপ্ন চৌধুরীর কাছে ৭-২ ভোটে হেরে গেছেন।
ক্লাব ক্যাটাগরিতে নাজমুল হাসান পাপনের মতোই ৫৩ ভোট পেয়েছেন দুজন- গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স) ও এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং)। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ ভোট পেয়েছেন ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স)। এছাড়া নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), মঞ্জুর কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫০ ভোট) ও ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স, ৫০ ভোট)। হেরেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ) ও সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস)।
নির্বাচনে জয়ের পর নিজের সন্তুষ্টির কথাই বললেন পাপন। জানালেন সামনের চার বছরেও ৬ নতুনসহ পুরনো পরিচালকদের নিয়ে কাজ করবেন। পাশাপাশি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরও নতুন প্রার্থীর উপস্থিতি আশা করছেন তিনি, ‘নির্বাচন কাকে বলেৃআসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে দেখিনি। গত দুবার নির্বাচন হয়নি, আজ দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হলো বড় কথা। তবে আরও খুশি হতাম যদি আরও অনেক অংশগ্রহণ থাকত। এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে যারা পাস করেছে তাদের ওপর। এর চেয়ে বড় কথা পুরাতন যারা তারা সবাই জিতেছেন। আগে বোর্ডে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা ছিল না। এবারও যারা আসবেন তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। প্যানেল না দেওয়ার কারণটাই হলো এটা। সামনে এটা আরও ওপেন হবে, আরও বেশি মানুষ আসবেন, আরও জমজমাট হবে।’
এদিকে নির্বাচনে হেরে ফলাফল মেনে নিয়েছেন দুই প্রার্থী খালেদ মাসুদ পাইলট ও নাজমুল আবেদিন ফাহিম। বিকেএসপি থেকে নির্বাচন করা ফাহিম নির্বাচনের পরপরই নিজের ফেইসবুক পেজে জানান, ‘৪০ ভোটের মধ্যে মাত্র ২ ভোট পেয়েছি (নিজের ১টি)। তবুও বিব্রত হচ্ছি না।’ তবে মাসুদ কিছুটা ক্ষোভ জানান। হারবেন জেনেও নির্বাচন ছেড়ে যাননি বলে মন্তব্য করেন, ‘নির্বাচনের তিনদিন আগেই জানতাম হারব। তবুও খেলোয়াড়সুলভ আচরণ করে নির্বাচনে থেকেছি, মাঠ ছেড়ে যাওয়া উচিত মনে করিনি। আমার কাউন্সিলর যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আমার সতীর্থকে হয়তো বেশি যোগ্য মনে করায় তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়। হয়তো আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি ট্রাস্ট করেছে, এজন্য ভোট দিয়েছে। ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও বড় পরিধিতে কাজ করব চিন্তা করছিলাম। সেই সুযোগটা হয়তো হয়নি। তবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে আছি।’
আজ আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালকরা সভায় বসবেন। এরপর দুপুরে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। সবকিছু পাপনকে পুনরায় বিসিবি প্রধান করার দিকেই এগোচ্ছে। তবুও তার কথায় এবারের নতুনত্বে দায়িত্বের বণ্টন হতে পারে। বিসিবি সভাপতি হলেও সব দায়িত্ব আর নিজে সামলাচ্ছেন না পাপন- এমনটাই বলে রেখেছেন তিনি।