রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সরকারের সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে জানান প্রধানমন্ত্রী। 

বাসসের এক খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার সহধর্মিণী রাশিদা খানম ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এছাড়া জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসাও করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৭৫তম জন্মদিন উপলক্ষেও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।