বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সমাজসেবক শেখ দেলোয়ার হোসেন (৭৬) আর নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাগেরহাট শহরের আমলাপাড়ার বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুশফিখার শামস মেননের বাবা ছিলেন। তার মৃত্যুতে চেম্বার অব কমার্স ও চিকিৎসকদের সংগঠন বিএমএ গভীর শোক প্রকাশ করেছে।
বাদ যোহর শহরের স্বাধীনতা উদ্যানে এবং তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন হবে বলে তার পরিবার জানিয়েছে।
দেলোয়ার হোসেনের ছোট ছেলে বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুশফিখার শামস মেনন বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে আমার বাবা দেলোয়ার হোসেনের বুকে ব্যথায় ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে বুকে গ্যাসের ব্যথা ধারণা করে একটি গ্যাসের ওষুধ দেই।
এর কিছুক্ষণ পরেই তিনি বিছানায় শুয়ে পড়েন। পরে পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। হার্টঅ্যাটাকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনসার সরদার বলেন, ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ দেলোয়ার হোসেন দীর্ঘদিন চেম্বারের নেতৃত্ব দিয়েছেন।
তিনি ব্যবসায়ীদের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তার অবদান অপূরণীয়।