বাঁশখালীতে পাঁচটি অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় জব্দ করা হয় ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং একটি কাটা রাইফেল।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সরল ইউনিয়নের দক্ষিণ সরল ২নং ওয়ার্ডের হাজিরখীল এলাকায় অভিযান পরিচালনা করে মৃত হাজী শামশুল ইসলামের ছেলে নুর মোহাম্মাদকে (৩৮) আটক করে।

এদিকে বুধবার দুপু‌রে সাদা পোশাক ধারী লোক নুর মোহাম্মদ‌কে তু‌লে নি‌লে স্ত্রী কমরুন্নাহার বেগমসহ প‌রিবা‌রের সদস‌্যরা চি‌ন্তিত ছি‌লেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা স্বীকার করে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইল এর লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে।

এদিকে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে র‌্যাব সূত্রে জানা যায়।