ম্যাচ শেষে গ্যালারিতে বান্ধবীকে প্রোপোজ দীপক চাহারের

খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন নয়। তবে আইপিএলের মাঝে কোনো ভারতীয় ক্রিকেটার ভরা গ্যালারির সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এমন ছবি নিতান্ত অপরিচিত। দুবাইয়ে সেই ছবিটাই দেখা গেল দীপক চাহারের সৌজন্যে।

বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। এত দিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে চাহার সেই চিত্রনাট্যে চমক আনলেন বলা যায়।

স্বাভাবিকভাবেই চাহারের প্রস্তাবে সম্মতি জানান তার বান্ধবী। দীপকের এমন বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

আইপিএলের পক্ষেও তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চাহারের বান্ধবীকে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করার ভিডিও পোস্ট করা হয়।

চেন্নাই সুপার কিংসের তরফেও দীপককে অভিনন্দন জানিয়ে ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

পরে দীপক নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন এমন স্মরণীয় মুহূর্তের ছবি।

যদিও চেন্নাই এদিন ম্যাচ হেরে বসে পাঞ্জাব কিংসের কাছে। জিতলে নিঃসন্দেহে এমন মুহূর্ত বাড়তি উচ্ছ্বাসের হয়ে উঠত চেন্নাই ভক্তদের।

চেন্নাই সমর্থকেরা দীপক চাহারকে শুভেচ্ছা জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশের অবশ্য দলের হারের দিনে তারকা পেসারের এমন আচরণ পছন্দ হয়নি। ফলে তারা কটাক্ষ করতেও ছাড়েননি চাহারকে।