বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নত দেশ গড়তে ব্যবসা-বাণিজ্যের বিকল্প নেই। বৈশ্বিক বাণিজ্য বাড়াতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ব্যস্থাপক গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত ৩ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দেশি-বিদেশি ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গতকাল অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টিপু মুনশি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিযোগী দেশসমূহ প্রতিনিয়ত বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশকে আরও প্রতিযোগিতা সক্ষম করে তুলতে বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত ও কার্যকর বাণিজ্যের জন্য আমদানি, রপ্তানি, শুল্ক পদ্ধতি এবং ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, আসন্ন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিএফটিআই বাণিজ্যসংক্রান্ত গুণগত মানসম্পন্ন গবেষণা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে সরকারের ও প্রাইভেট সেক্টরের একটি যোগ্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিএফটিআইর পরিচালক মো. ওবায়দুল আজম স্বাগত বক্তব্য প্রদান করেন। বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিএফটিআই নিয়মিতভাবে পাবলিক ও প্রাইভেট সেক্টরের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে।