শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮তম। গত জুলাইয়ে এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে।
কোনো দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে প্রকাশিত হয় ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। সূচকে স্থান পাওয়া ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৮ নম্বরে। এর সঙ্গে রয়েছে কসোভো এবং লিবিয়া। সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের ঠিক আগে ১০৭তম অবস্থানে রয়েছে সুদান, শ্রীলঙ্কা, লেবানন ও ইরান। তালিকায় মালদ্বীপের অবস্থান ৬৬তম, ভারত ৯০তম, ভুটান ৯৬তম ও মিয়ানমার ১০২তম অবস্থানে রয়েছে।
তালিকায় বাংলাদেশের পরই রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। ভিসা ছাড়া ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন দেশটির নাগরিকরা। আর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসামুক্তভাবে কোনো ইউরোপীয় দেশে যাওয়া সম্ভব নয়।
এবার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। হেনলির তালিকায় এবার যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।