সরকারি চাকরিজীবীদের যারা করোনার টিকা নেননি, বেতন ছাড়াই তাদের ছুটিতে পাঠাবে কানাডা। টিকা না নিলে আকাশ, রেল বা নৌপথে ভ্রমণ করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর সিবিসি নিউজ।
গত বুধবার ট্রুডো সাংবাদিকদের বলেন,‘সরকারি চাকরিজীবীদের জন্য টিকা বাধ্যতামূলক ছাড়াও ভ্রমণের ক্ষেত্রে এসব পদক্ষেপ বিশ্বে নেওয়া সবচেয়ে শক্তিশালী পদক্ষেপগুলোর একটি। যদি আপনারা নিয়ম মানেন এবং টিকা নেন, তাহলে করোনা থেকে সুরক্ষিত থাকার স্বাধীনতা আপনাদের প্রাপ্য।’
টিকা নিয়েছেন কিনা, তা ২৯ অক্টোবরের মধ্যে অনলাইন পোর্টালে জানাতে বলেছে সরকার। অভ্যন্তরীণ রুটে ট্রেন, উড়োজাহাজ বা নৌযানে ভ্রমণে ১২ বা তদূর্ধ্ব বয়সীদের ৩০ অক্টোবরের মধ্যে অবশ্যই টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। এসব খাত ফেডারেল সরকার পরিচালনা করে।
সরকারি কর্মী ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কানাডার রাজস্ব বোর্ডের হিসাব অনুসারে দেশটির ফেডারেল কর্মী প্রায় ৩ লাখ। এ ছাড়া ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন আরও ৯ লাখ ৫৫ হাজার কর্মী রয়েছেন। সব মিলিয়ে এ সংখ্যাটা কানাডার মোট জনশক্তির ৮ শতাংশ।
সম্প্রতি অনুষ্ঠিত আগাম নির্বাচনের প্রচারের সময় টিকা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রুডো। নির্বাচন হয়েছিল তার সংখ্যালঘু সরকারের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যে। কিন্তু চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ওই নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
কানাডায় ১২ থেকে তদূর্ধ্ব বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক ৮০ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। অবশিষ্ট মানুষকে টিকা দিতেই এমন কড়াকড়ি আরোপ করছে সরকার।