আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচনের দাবিতে কর্মকৌশল নির্ধারণে আজ শুক্রবার আবার বৈঠকে বসছে বিএনপির নেতৃত্ব। আজ শুক্রকার বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রিন্স বলেন, ‘চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের নেতাদের নিয়ে বৈঠক শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রথম দিন শুক্রবার ২০টি সংগঠনের ১০৭ নেতা অংশ নেবেন। দ্বিতীয় দিন শনিবার একই সংখ্যক নেতা অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে বৈঠক চলবে রাত পর্যন্ত। বৈঠকে পেশাজীবীরা যে পরামর্শ দেবেন তা লিপিবদ্ধ করবেন তিন সহ-দপ্তর সম্পাদক।’
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সব পেশাজীবী সংগঠনের সমান সংখ্যক প্রতিনিধি অংশ নেবেন না। তবে বৈঠকে ড্যাবের ১২ নেতা অংশ নেবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সব পেশাজীবী সংগঠনের নেতাদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন পেশাজীবী সংগঠনের আরও বেশিসংখ্যক নেতার উপস্থিতিতে বৈঠক করার সিদ্ধান্ত দেন তারেক রহমান। তার অংশ হিসেবে আবারও এ বৈঠক অনুষ্ঠিত হবে।’
গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে পেশাজীবীদের সঙ্গে এ মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়।
পেশাজীবীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে দলের নেতৃত্বের সিরিজ বৈঠক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘পেশাজীবীদের সঙ্গে বৈঠকের মাধ্যমেই শেষ হবে মতবিনিময় সভা। এরপর সবার পরামর্শ নিয়ে দলীয় নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আমরা আলোচনা-পর্যালোচনা করব। তারপরই চূড়ান্ত করা হবে আগামী দিনের বিএনপির রাজনৈতিক কর্মকৌশল।’
এর আগে গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর এবং ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর বিএনপি নির্বাহী কমিটির নেতাদের পাশাপাশি অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেন বিএনপি নেতারা। সিরিজ বৈঠকে দেওয়া বক্তব্যে অধিকাংশ নেতাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রামে যাওয়ার পরামর্শ দেন।