বর্তমান পরিস্থিতিতে এবার নতুন আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব : সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি এমন কথা বলছি না যে, ইসি গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা আছে তা করব না। কিন্তু এই করোনা মহামারী পরিস্থিতি এবং ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়।’ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সার্চ কমিটির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়টিও স্মরণ করিয়ে দেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘এর আগে যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরই সার্চ কমিটির গেজেট হয়। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্ট নিয়ে করা হয় ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, তাই সেটা আইনের কাছাকাছি।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় নিয়মতান্ত্রিক রাজনীতি করতেন, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু সবই বলেছেন, কিন্তু আইনের মধ্য থেকে। জনগণের ম্যান্ডেট যখন পেয়েছিলেন তখনই কেবল তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।