প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান রেডিও জকি (আর জে) হুয়ামুন কবির নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শের আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাড়ে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার এক গ্রাহকের মামলায় আর জে নীরবকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্টরা জানান, আবদুল্লাহ খান শৈশব তার পরিচিত সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম মিলে কিউকম লিমিটেড থেকে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল অর্ডার করেন। গত ২১ জুন থেকে ১৪ জুলাই অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ফস্টার পেমেন্টস’র মাধ্যমে তারা উক্ত টাকা পরিশোধ করেন। নিয়ম অনুযায়ী টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও না দিয়ে টালবাহানা করে আসছিল কিউকম।
এরই মধ্যে গত ২৯ আগস্ট কিউকম লিমিটেডের কার্যালয়ে গেলে এসব গ্রাহকের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। এরপর পণ্য না পেয়ে থানায় কিউকমের মালিক রিপন মিয়াসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়। আর জে নীরব ওই মামলার চার নম্বর আসামি।
পুলিশ বলছে, আর জে হিসেবে পরিচিতি পাওয়া নীরব কিউকমের বিপণন বিভাগের প্রধান হিসেবে প্রতিষ্ঠানের প্রচার চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। তার কথায় আস্থা রেখে কিউকমে টাকা দিয়ে অনেকে প্রতারিত হওয়ার অভিযোগ করছেন। এর আগে পল্টন থানায় আরেক গ্রাহকের প্রতারণা মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।