চলন্ত বাসে ট্রাকের ঘষা, হাত হারালেন বাকৃবি শিক্ষক

ময়মনসিংহের ফুলপুরে চলন্ত বাস-ট্রাকের পাশাপাশি সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম হাসান মোহাম্মদ মুর্শেদ (৩৫)। গত বৃহস্পতিবার রাতে ফুলপুরের বাশাটি এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহত হাসান মোহাম্মদ মুর্শেদ বাকৃবির পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বরিশাল নগরে সিএনজিচাপায় রিনা বেগম (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের দুর্ঘটনার বিষয়ে জানা গেছে, বাকৃবির শিক্ষক হাসান মোহাম্মদ মুর্শেদ তার কর্মস্থল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আদিল পরিবহনের একটি বাসে করে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাসে অসাবধানতাবশত ডান হাতটি তিনি জানালার বাইরে রেখেছিলেন। ফুলপুরের বাশাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটির জানালায় ধাক্কা দিয়ে চলে যায়। এতে হাসান মোহাম্মদ মুর্শেদের হাতের যে অংশটি জানালার বাইরে ছিল, সেটি কেটে রাস্তায় পড়ে যায়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলপুরের বাশাটি এলাকায় চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত কাটা পড়ে বাকৃবি শিক্ষকের। পরে বাসটি নিকটবর্তী শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যান চালক। স্থানীয় লোকজন আহত শিক্ষককে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি আব্দুল্লাহ।

বাকৃবির পশুপালন অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘আহত হাসান মোহাম্মদ মুর্শেদকে রাতেই ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন হাতের অংশটি সংযুক্ত করা সম্ভব হয়নি।’

বরিশালে সিএনজিচাপায় নারী পথচারীর মৃত্যু : বরিশাল নগরে সিএনজিচাপায় নিহত রিনা বেগম নথুল্লাবাদের লুৎফর রহমান সড়কের বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার নিহত রিনার স্বজনদের বরাত দিয়ে দেশ বলেন, ‘ওই নারী মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ বাজারের উদ্দেশে রওনা হন। রাস্তা পারাপারের সময় আমতলার মোড় থেকে নথুল্লাবাদের উদ্দেশে দ্রুতগতিতে আসা একটি সিএনজি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটিকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

ওসি আরও বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় জনতা সিএনজিচালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সিএনজিসহ চালক এয়ারপোর্ট থানায় আটক আছে। নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’