ঢাকার সাভারে এক নারীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করে সংরক্ষণের অভিযোগ উঠেছে সেকেন্দার আলী (৫৮) নামের কথিত এক কবিরাজের বিরুদ্ধে।
এ ঘটনায় কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল ইসলাম।
অভিযুক্ত কবিরাজ সেকেন্দার আলী সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কামালপুর এলাকার মৃত কালু শেখের ছেলে।
তিনি সাভারে দীর্ঘদিন ধরে ভাড়া থেকে কবিরাজি চিকিৎসা করেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ভুক্তভোগী নারী চিকিৎসার জন্য ওই এলাকার সেকেন্দার কবিরাজের কাছে গেলে তাকে চিকিৎসার নামে কৌশলে ধর্ষণ করেন। এ সময় কবিরাজের স্ত্রী ভিডিও করেন।
পরে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় ভিডিও করার কোনো সত্যতা না মিললেও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সেকেন্দার আলীকে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সেকেন্দার পলাতক রয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।