লাপোর্তে ভেবেছিলেন ফ্রিতে বার্সায় খেলবেন মেসি

হুয়ান লাপোর্তে শেষ পর্যন্ত আশায় ছিলেন, মেসি ক্লাবে থাকবেন এবং ‘ফ্রিতে খেলবেন’। কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্টের স্বপ্ন পূরণ হয়নি।

গত আগস্টে ক্যাম্প ন্যুর সঙ্গে দীর্ঘসময়ের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি করেন মেসি। লা লিগার বেতন সীমাবদ্ধতার কারণে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি কাতালান জায়ান্টরা।

করোনার কারণে আর্থিক মন্দায় পড়া বার্সায় থেকে যেতে চেয়েছিলেন মেসি। তার জন্য আগের চুক্তির ৫০ শতাংশ কর্তনেও রাজি ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তারপরও বার্সার হয়ে ১০টি লা লিগা জেতা মেসিকে রাখতে পারেনি কাতালান জায়ান্টরা।

মেসিকে রাখতে না পারায় হতাশ লাপোর্তে বলেন, ‘উভয় পক্ষ হতাশ হয়েছিল। আমি আশা করেছিলাম, মেসি ইউ-টার্ন নিতে পারে এবং ফ্রিতে খেলার কথা বলতে পারে।’

কাতালান রেডিও স্টেশন আরএসিওয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটা আমি পছন্দ করতাম এবং এর জন্য সবকিছু করতাম। আমি বুঝেছিলাম, লা লিগাও বিষয়টা গ্রহণ করে নিতো। কিন্তু মেসির মর্যাদার এক খেলোয়াড়কে এটা বলতে পারি না।’