মোংলায় পাথরবোঝাই কার্গো ডুবি, ১০ নাবিক উদ্ধার

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুলবার চরে পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে অপর আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার রাতে ১০টার দিকে ফেয়ারওয়েল বয়ার দুবলার চরের ডুবো চরে আটকে তলা ফেটে পাথরবোঝাই এমভি বিউটি অব লোহাগড়া-০২ ডুবে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবো চরে আটকে ডুবে যায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি দেশবন্ধু। 

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সাগর-রতন হতে এক হাজার দুইশত মেট্রিক টন পাথরবোঝাই করে কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-০২।

শুক্রবার কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে খুলনায় উদ্দেশ্যে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়।

সেখানে ডুবো চরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে। পরে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ হতে ১০ নাবিককে উদ্ধার করে।

নাবিকদের উদ্ধারের পর মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এমভি দেশ দিগন্ত'র কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।