স্বৈরাচারের দোসররা এখন ক্ষমতাসীনদের মিত্র : ফখরুল

স্বৈরাচারের দোসররা এখন ক্ষমতাসীনদের মিত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার শহীদ নাজির উদ্দিন জেহাদ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। আজ রবিবার শহীদ জেহাদ দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ সরকারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন জেহাদ। আজ তার ৩১তম মৃত্যুবার্ষিকী।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্বিনীত শাসনকে স্থায়িত্ব দিতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখার পর এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তার ওপর এ নিপীড়নের ঘটনায় প্রমাণিত হয়, এদেশে মানবতার অস্তিত্ব চরম ঝুঁকির মধ্যে। শাসকগোষ্ঠীর চক্রান্তের কুটিল খেলায় গণতন্ত্র চূড়ান্তভাবে নিরুদ্দেশ হয়েছে।’

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। তিনি নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে। তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাসক এরশাদের পতন হয়। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি। কিন্তু অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। এখন সেই পুরনো স্বৈরাচারের দোসররা বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে মিলেমিশে স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দিয়েছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম জেহাদের জন্মস্থান। জেহাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সকালে রাজধানীর দৈনিক বাংলায় জেহাদ স্মৃতি স্কয়ারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল।