হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এলো ৯২৪ টন পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বাড়লেও চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে দাম বেড়েই চলেছে।

শনিবার বন্দর দিয়ে একদিনেই ৩৪টি ট্রাকে ৯২৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

তারপরও আবারও দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা করে দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৬ টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে ৪৭ থেকে ৪৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে প্রতিদিন কেজি প্রতি ২/৩ টাকা করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে পূর্বে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তার সঙ্গে সাউথের বেলোরি জাতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বন্দরে সাউথের বেলোরি জাতের পেঁয়াজ প্রতিকেজি পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে ৪৭ টাকা কেজি দরে আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকা কেজি দরে।

এদিকে বন্দর থেকে অনেক পেঁয়াজ খালাস করে তা বিক্রি না করে আমদানিকারকদের গুদামে নামাতে দেখা গেছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন মোল্লা বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়লেও প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। বাজারের এমন উল্টাপাল্টা অবস্থায় আমরা পেঁয়াজ কেনা নিয়ে সংশয়ে রয়েছি।

গতকাল যে দামে কিনে নিয়ে গেছি আজ আসে তার চেয়ে কেজি প্রতি ২/৩ টাকা দাম বাড়তি। এভাবে দাম বাড়লে আমরা কীভাবে পেঁয়াজ কিনব আর কীভাবে ব্যবসা করবো।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, মূলত চাহিদার তুলনায় আমদানি কম ও ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ার কারণেই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। তবে পূজার বন্ধের পর বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হলে ও বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে যাবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পেঁয়াজের আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে বন্দর দিয়ে শনিবার একদিনেই ৩৪টি ট্রাকে ৯২৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

যেখানে বৃহস্পতিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫০৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

তিনি বলেন, পেঁয়াজ যেহেতু কাঁচামাল তাই দ্রুত খালাস করে দেশের বাজার ধরতে পারে এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।