সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতা এবং জাতীয় পার্টি ও স্বতন্ত্র এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের সপ্তম ধাপে দেশের ১০টি পৌরসভায় মেয়র পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল রবিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও সপ্তম ধাপে ১০ পৌরসভার নির্বাচনে গতকাল রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কবিতা ছাড়া অন্য দুজন হলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবীর।
এদিকে ১০ পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৪৭ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৩ প্রার্থী।
নির্বাচন কমিশনের প্রতি ‘অনাস্থা’ প্রকাশ করে এ নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপি। তবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং ইসলামী অন্দোলন বাংলাদেশ দলীয় প্রতীকের এ নির্বাচনে অংশগ্রহণ করছে।
১০ পৌরসভার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভায় একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া মেয়র পদে আওয়ামী লীগের ১০, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির ১ জন করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ ও স্বতন্ত্র ২৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সপ্তম ধাপে ১০ পৌরসভাসহ সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ২ নভেম্বর।
যে ১০ পৌরসভায় ভোট : নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ। এসব পৌরসভায় সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহান)