মানিকগঞ্জে রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৮ টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত তিনটার দিকে রবিন একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসলে রাস্তায় বাঁশ ফেলে আট থেকে দশজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়।
আরও জানা যায়, মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞান ফিরে ব্যবসায়ী রবিনের হাত পা বাধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।