মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামালের গাড়িবহরে সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শিশুসহ একাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ২টার দিকে মহেশখালী জেটি ঘাট থেকে সমর্থকদের সহায়তায় গাড়িবহরে করে কুতুবজোমের কবির বাজার এলাকায় পৌঁছালে খোকনের সমর্থকেরা গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থালে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মোহাম্মদ ইসহাক (৪৫), মো. ওয়াজেদ (১৩), মো. হেলাল (১০), জিকির আলম (৩৪) নাম পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
তিনি জানান, শো-ডাউনের একটা গাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। এতে ইটপাটকেলে একজন আহত হয়েছে। এএসপিসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কুতুবজোমের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান, আমি এলাকার বাইরে আছি, আমার এলাকায় খোঁজ খবর নিয়েছি। এ হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
গত ২০ সেপ্টেম্বর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী অ্যাডভোকেট শেখ কামাল বিজয় লাভ করেন। ১০ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করান। আজ তিনি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় আসার পথে তার গাড়িবহরে এ হামলা চালানো হয়।