পিঠের ব্যথার কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচটি খেলেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচেও থাকছেন তিনি। এমন আভাসই দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার।
মাহমুদউল্লাহর পিঠের চোটটা অবশ্য পুরোনো। তবে তার চোটের বর্তমান কন্ডিশন নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বলেই জানালেন বাশার।
সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় বাশার বলেন, ‘খুব বেশি চিন্তার কিছু নেই। হালকা পিঠে ব্যথা আছে ওর। যেহেতু সামনে যখন খেলা শুরু হবে, তখন খুব বেশি বিশ্রাম পাওয়ার সুযোগ নেই। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে। যে জন্য আমরা ঝুঁকি নিচ্ছি না। কালকের ম্যাচেও হয়তো ওকে বিশ্রাম দেওয়া হবে।’
যোগ করেন, ‘ওকে একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো হয়। সেটাই করছি আমরা।’
আবু ধাবিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
ওমানে কন্ডিশনিং ক্যাম্প শেষে প্রস্তুতি ম্যাচ খেলতে রবিবার রাতে আবু ধাবি পৌঁছে বাংলাদেশ দল। আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতেই ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই তারকা যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। তার যোগ দেওয়াটা বড় পাওয়া বলছেন বাশার।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজের দলে ফেরাটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। ও এখানে খেলছিল। এখানকার কন্ডিশন কেমন হতে পারে সবকিছু খুব ভালো জানে। সেটা আমরা জানতে পারছি। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে।’
সাকিব আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তার দল প্লে-অফ পর্বে খেলছে। মোস্তাফিজদের মিশন অবশ্য শেষ হয়ে যায় লিগ পর্বেই।
হাবিবুল বাশারের বিশ্বাস এবারের বিশ্বকাপে ভালো কিছুই করবে বাংলাদেশ দল, ‘সব মিলে সবকিছু ভালো যাচ্ছে। আশা করছি এবারের বিশ্বকাপে আমরা ভালো করব।’
আরো পড়ুন
প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ