বাংলাদেশকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে মালদ্বীপ সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়, আজ (গতকাল) মালদ্বীপের উপহারের ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের স্মারক উপহার বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরের হাত থেকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্মারক উপহারের টিকা বুঝে নেন।