মেহেরপুরের সদর উপজেলায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তৃতীয় শ্রেণিপড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বারাদি শিমুলতলা গ্রামের ওই ঘটনায় গতকাল সোমবার দৌলত হোসেন (৬৫) নামে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ পলাতক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। ওই সময় তাকে নানা প্রলোভন দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায় প্রতিবেশী দৌলত। এরপর শিশুর মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।
শিশুর পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে উদ্ধারের পর সব ঘটনা জানতে পারে তারা। গ্রামের মাতব্বররা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল থানায় গিয়ে মামলা করেন তার বাবা।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার এক নারী পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গতকাল সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া দেওভোগ বাড়ৈভোগ বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রকে বলৎকারের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রের বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ওদিকে ময়মনসিংহের ভালুকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। তামাট গ্রামের ওই ঘটনায় গতকাল কয়েকজনকে আসামি করে থানায় মামলা হওয়ার পর রিপন মিয়া (২৭) নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।