প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষমতাধর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রশাসনের কর্মকর্তারা আমলা লীগ হয়ে উঠেছে। এখন আওয়ামী লীগ কোথায়? এখন সব হচ্ছে আমলা লীগ। আপনারা যে যেখানে যাবেন দেখবেন ডিসি, এসপি, ওসিরা অনেক বড় সাহেব। আওয়ামী লীগের চেয়ে অনেক বড়।’
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। সরকারকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবি আবারও সামনে এনে তিনি বলেন, ‘আমাদের কথা খুব স্পষ্ট, অবশ্যই এ দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন। সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। যাতে করে জনগণ ভোট দিতে যেতে পারে। যার ভোট সে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, সেই ব্যবস্থা তৈরি করতে পারে।’
ক্ষমতাসীন দলের নেতাদের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এনারা নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করছেন। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? এটা আপনারা যাকে দেবেন তাকে দিয়ে করবেন তো? যাকে চাইবেন সেই হবে।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন। এখন তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে এবং মানসিক রোগী বলছে। মানসিক রোগী তো আপনারা (সরকার) হয়ে বসে আছেন।’
গত ২ সেপ্টেম্বর হাসান জাফির তুহিন ও শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষক দলের আংশিক কমিটি গঠনের পর এটি তাদের প্রথম সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে জেলা প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখেন। সম্মেলনে কৃষক দলের সাবেক এই সভাপতি বলেন, ‘কৃষক দলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। আমি এই দলের সাবেক নেতা শামসুজ্জামান দুদুসহ অন্যান্য যারা ছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাই যে তারা এই কৃষক দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন।’
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন কৃষক দলের নবগঠিত কমিটির নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, টিএস আইয়ুব, মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।