ডিজিটাল আইনের মামলা

হাইকোর্টে জামিন মেলেনি হেলেনা জাহাঙ্গীরের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে। জামিন চেয়ে তার করা আবেদনটির ওপর গতকাল মঙ্গলবার শুনানি শেষে আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজের (নট প্রেসড রিজেক্টেড) এ আদেশ দেয় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।

জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মোমতাজ উদ্দিন ফকির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত জামিনের আবেদনটি শুনানি শেষে নট প্রেসড রিজেক্টড করেছেন।’

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের মন্ত্রী ও অন্যান্য সংস্থার বিরুদ্ধে কটূক্তি এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে গত ৩০ জুলাই রাজধানীর গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় গত ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে জামিন পেতে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন তিনি।

গত ২৯ জুলাই রাতে গুলশান-২ এলাকার বাড়িতে অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযানে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়। ওইদিন মধ্য রাতে মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে চারটি মামলা হয়।